ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা’র বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যার প্রতিবাদে আধা ঘণ্টা ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
রোববার বিকালে জাতীয় সংসদের অধিবেশনের একাদশ কার্যদিবস শুরু হওয়ার পর এ কর্মসূচি শুরু হয়। বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তা (প্রতিবেদন লেখা বিরত থাকা) পালন করা হয়।
এসময় সংগঠনের নেতারা সাগর ও রুনির হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে সংগঠনের নেতারা এ প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকেও জানান।
এই সাংবাদিক দম্পতি শনিবার ভোররাতে তাদের রাজাবাজারের বাসায় খুন হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৯০৬ ঘ.
bdnews24