২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া বন্দর ৪ ঘণ্টা বন্ধ

আখাউড়া স্থলবন্দরে এক ট্রাক চালককে মারধরের প্রতিবাদে রোববার সকাল থেকে চারঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 09:06 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখাউড়া স্থলবন্দরে এক ট্রাক চালককে মারধরের প্রতিবাদে রোববার সকাল থেকে চারঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবুল বাসার ভূঁইয়া জানান, সারোয়ার হোসেন নামে এক ট্রাকচালক আগরতলায় মালামাল দিয়ে ফিরে আসার সময় বন্দরের একটি এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় ট্রাক থেকে ধূলা এসে গায়ে লাগার অভিযোগে ফরিদ মিয়া নামে এক ব্যবসায়ী সারোয়ারকে বেধড়ক পেটান। এর প্রতিবাদে ট্রাক চালকরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। আখাউড়া স্থলবন্দর শুল্ক বিভাগের কমিশনার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবহন শ্রমিকদের সঙ্গে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের বৈঠকে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় দুপুর ২টা থেকে ট্রাক শ্রমিকরা ধর্মঘট তুলে নেয় এবং আমদানি-রপ্তানি আবার শুরু হয়। আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনায় ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ট্রাক শ্রমিক সমিতির সভাপতি স্বপন সাহা জানান, ব্যবসায়ীরা বিচারের আশ্বাস দিয়েছেন। দুপুর ২টা থেকে আবার ট্রাক চালানো শুরু হয়েছে। তবে সুষ্ঠু বিচার না হলে শ্রমিকরা ফের ট্রাক চালানো বন্ধ করে দেবে বলে জানান তিনি। আঘাউড়া স্থলবন্দর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০২ ঘ.