২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা খুনি গ্রেপ্তার না হলে আন্দোলন’

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রতিশ্র“তি অনুযায়ী সোমবারের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রতিশ্র“তি অনুযায়ী সোমবারের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। ক্ষমতাসীন ও বিরোধী দলপন্থী সাংবাদিকদের দুই সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আহ্বানে রোববার এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রেসক্লাব, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, এটিএন বাংলা পরিবার, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, নিউজ প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশ, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, “খুনিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ২৪ ঘণ্টা ইতোমধ্যে পেরিয়ে গেছে। কিন্তু এখনো হত্যাকারীদের ধরা যায়নি। ওই সময়ের মধ্যে প্রকৃত আসামিদের ধরতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে যাবে সাংবাদিকরা।” এই দাবির প্রতি সমর্থন দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “এ সময়ের মধ্যে আসামিদের ধরা না হলে সাংবাদিকদের সব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।” “আমরা এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই”, যোগ করেন তিনি। ডিইউজের সভাপতি ওমর ফারুক বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রতিশ্র“তি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা। আমরা আশা করছি তার দেওয়া প্রতিশ্র“তি অনুযায়ীই কাজ হবে।” শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। শনিবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করার পর ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তের অগ্রগতি জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার মাহবুবর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনো কোনো ‘ক্লু’ তারা পাননি। তবে তদন্ত চলছে। তবে র‌্যাবের ধারণা, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং খুনিরা নিহতদের পরিচিত। সাগর ও রুনির দেহে আঘাতের ধরন দেখে ময়না তদন্তকারী চিকিৎসক বলছেন, সম্ভবত হত্যাকারীরা অপেশাদার। জাতীয় প্রেসক্লাকের সামনে সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রাস্তায় নামলেই সড়ক দুর্ঘটনায় প্রাণ দিতে হয়। খবর সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিকরা। আর রাতে বাসায় যাওয়ার পর খুন হতে হয় দুর্বৃত্তদের হাতে। এর সমাধান করতে হবে। গত ৩ বছরে সারা দেশে ২৫ জন সংবাদকর্মী খুন হলেও একটি হত্যারও বিচার হয়নি বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সাধারণ সম্পাক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, এটিএন বাংলার চিফ নিউজ এডিটর ভানু রঞ্জণ চক্রবর্তী, মাছরাঙা টেলিভিশনের চিফ রিপোর্টার মামুনুর রহমান খান, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ক্র্যাব সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক ইশারফ হোসেন ইশা, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব, যুগ্ম সম্পাদক মহসিনুল করীমসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা এ সমাবেশে বক্তব্য দেন। এদিকে সাগর-রুনি হত্যার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি পালন করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এর অংশ হিসেবে সোমবার মিলাদ মাহফিল ও মঙ্গলবার শোকসভার আয়োজন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএইচএ/এসএম/জেকে/১৩৪০ ঘ.