২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের মারামারির পর বন্ধ সলিমুল্লাহ মেডিকেল

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে বিকাল ৪টার মধ্যে ছাত্রাবাস ছেড়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে বিকাল ৪টার মধ্যে ছাত্রাবাস ছেড়েছে শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এমএ আজহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও দ্বিতীয় ও ফাইনাল প্রফ পরীক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে হলে থাকতে পারবেন।” অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষ শুক্রবার গভীর রাতে প্রধান ছাত্রাবাসে সংঘর্ষে জড়ালে সাতজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কোতোয়ালি থানার ওসি মো. সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। একটি পক্ষ প্রধান ফটক ভেঙে ছাত্রবাসে ঢোকে এবং হামলা চালায় বলে আমরা জানতে পেরেছি।” সংঘর্ষের সময় ছাত্রাবাসের ৩৩টি কক্ষ ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় শিশু বিভাগের অধ্যাপক এআরএম লুৎফুল কবিরকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ ওই ছাত্রাবাস থেকে ৫৩ জনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ওসি মো. সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে দোষী প্রমাণিত হলে ওই ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- এমন মুচলেকা দিয়ে অধ্যক্ষ বিকেলে তাদের ছাড়িয়ে নেন।” এদিকে সংঘর্ষ ও ভাংচুরের প্রতিবাদে শনিবার সকালে হাসপাতালের নিচতলার লিও ক্লাবের কক্ষ ভাঙচুর এবং প্রধান ফটকে তালা মেরে বিক্ষোভ, মানববন্ধন করে ছাত্রছাত্রীরা। পরিস্থিতির আরো অবনতি ঠেকাতে এর পরপরই ক্লাস বন্ধ করে ছাত্রাবাস খালি করার সিদ্ধান্ত নেয় অ্যাকাডেমিক কাউন্সিল। মিটফোর্ড হাসপাতালে ক্যাজুয়েলটি বিভাগের প্রধান মাহবুব হাসান মেহেদী জানান, সংঘর্ষে আহতদের মধ্যে শরিফ, পারভেজ, অঙ্কুর, আসাদুজ্জামান, রকি ও অনুপমকে তার বিভাগে রাখা হয়েছে। তবে অবস্থার অবনতি হওয়ায় অ্যাঞ্জেল নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/আরএ/জেকে/১৯৪৩ ঘ.