আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশের বইমেলায় ঢোকার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পার হলেই ডান দিকে চোখে পড়বে একটি সাইনবোর্ড, ‘এখানে দশ মিনিটে মুখচ্ছবি আঁকা হয়”। এখানেই বইমেলা উপলক্ষে মুখচ্ছবি বা ‘পোট্রেট’ অঙ্কনের পশরা সাজিয়ে বসেছেন আঁকিয়েরা।
প্রতিবছরই বই মেলায় বেড়াতে আসা দর্শকদের পোট্রেট এঁকে থাকেন এ সব আঁকিয়েরা। অমর একুশে বইমেলার মূল আকর্ষণ বই কেনার পাশাপাশি সুযোগ পেয়ে অনেক দর্শকই তাই আঁকিয়ে নিচ্ছেন নিজেদের পোট্রেট।
মেলা আসা মান্নান চৌধুরী তার ছয় বছরের ছেলে সজলের পোট্রেট আঁকিয়ে নিচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সব সময়ই তো ডিজিটাল মাধ্যমে ছবি তুলে বাঁধাই করা হয়। এখন সুযোগ পেয়ে ছেলের ছবি আঁকিয়ে নিচ্ছি।”
২ ফেব্র“য়ারি থেকে এখানে রং-তুলির পশরা সাজিয়ে বসছেন ১২ থেকে ১৪জন চিত্রশিল্পী। আঁকিয়েদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। তবে কয়েকজন নবীন আঁকিয়েও আছেন তাদের সঙ্গে।
চিত্রশিল্পী মো. রতন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছর আমরা মেলার মূল আয়োজনের মধ্যে বসতাম। তবে এ বছর মেলার পরিসর বৃদ্ধি পাওয়ায় বাইরে বসেছি। তবে বাইরে বসলেও অনেকেই আসছে নিজেদের ছবি আঁকিয়ে নিতে।”
ছুটির দিনগুলোতে ক্রেতা বেশি হওয়ার ব্যস্ততা বাড়ে জানিয়ে তিনি বলেন, ছুুটির দিনগুলোতে সাধারণত ১০-১২টা পোট্রেট আঁকি। অন্যদিন ক্রেতা কিছুটা কম হলেও গড়ে ৬-৭টি আঁকা হয়।
নিজের ছবি আঁকিয়ে নেওয়া চাকুরিজীবী আব্দুল জব্বার বলেন, “বিষয়টা ভালোই লাগলো, তাই বইমেলায় ঘোরাঘুরি শেষ করে নিজের একটা পোট্রেট আঁকিয়ে নিলাম।”
আরেক চিত্রশিল্পী মিজানুর রহমান জানান, রঙিন ছবির জন্য ৫০০ টাকা, স্কেচের জন্য ৩০০ টাকা, তুলি ড্রইং ২০০ টাকা এবং চারকোলে আঁকতে লাগবে ৫০০ টাকা।
তিনি বলেন, মূলত আমাদের আঁকার খরচ হিসেবে এ মূল্য নেওয়া হয়। আমরা কারো কাছে টাকা চাই না। কারো কাছে টাকা না থাকলে অনেক সময় আমরা বিনামূল্যেও এঁকে দেই। তবে ছবি দেখে ভালো লাগলে অনেকে বেশিও দিয়ে থাকেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কিউএইচ/এসইউ/১৪০৫ ঘ.
bdnews24