সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে আটটি বোমা সদৃশ বস্তু ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিরুহীন গ্রামে এগুলো পাওয়া যায় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাকিবুল হাসান।
তিনি বলেন, রাত ৮টার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বারের বসত ঘরের জানালার উপর থেকে তিনটি রাইফেলের তাজা গুলি এবং তার ভাতিজা আল-আমিনের মুরগির ঘরের পিছনে থেকে পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো আটটি বোমা সদৃশ্য কোটা পাওয়া যায়।
বোমা সদৃশ্য কোটা পরীক্ষা-নিরীক্ষার জন্য তাড়াশ থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরো জানান, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বোমা ও গুলিগুলো কেউ ওইস্থানে রেখেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
গোপন সংবাদ পেয়ে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ ও তাড়াশ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান রাকিবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24