ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মহিলা ‘কবিরাজের’ হাতুড়ে চিকিৎসায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে কুড়িনাল গ্রামে এ ঘটনায় মারা যান শাহবাজপুর গ্রামের উজ্জ্বল (২৫)।
নবীনগর থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, উজ্জ্বল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার দুপুরে তাকে চিকিৎসার জন্যে পাশের কুড়িনাল গ্রামের আবদুল মান্নানের স্ত্রী ‘কবিরাজ’ জাহানারা বেগমের (৪৫) কাছে নিয়ে যাওয়া হয়।
জাহানারার হাতুড়ে চিকিৎসায় বিকালে উজ্জ্বলের মৃত্যু হয়। সন্ধ্যায় পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
উজ্জ্বলের বাবা আবদুল জলিল সাংবাদিকদের বলেন, তার মানসিক ভারসাম্যহীন ছেলেকে চিকিৎসার জন্যে নেওয়ার পর কবিরাজ জাহানারা বেগম একটি বড় পাত্রে ফুটন্ত গরম পানির মধ্যে উজ্জ্বলের মুখ দেওয়া হয়। এ সময় তার দুই হাত পেছন দিয়ে বেধে পুরো মাথা কম্বল দিয়ে ঢেকে দেয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে উজ্জ্বলের মৃত্যু হয়।
শাহবাজপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, উজ্জ্বল এক বছর আগে ওমান গিয়েছিলেন। ওখানে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে আটদিন আগে দেশে ফিরে আসেন।
নবীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, কবিরাজ জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৩৪ ঘ.
bdnews24