দিনাজপুর, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বড়পুকুরিয়ার খনি থেকে প্রথম স্ল্যাইসের কয়লা উত্তোলন আগামী ১৫ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।
এরপর দ্বিতীয় স্ল্যাইসের উত্তোলন শুরু হবে মার্চে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এক মাস কয়লা উত্তোলন বন্ধ থাকবে।
উত্তোলন বন্ধ থাকলেও কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য যথেষ্ট পরিমাণ কয়লা মজুদ রয়েছে বলে খনি কর্তপক্ষ জানিয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (প্রডাকশন) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে বড়পুকুরিয়া খনি কয়লা উৎপাদনে যায়। এ পর্যন্ত এখান থেকে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে।
বর্তমানে ১১১৬ নং ফেইজ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে, যা শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
তিনি আরো বলেন, দ্বিতীয় স্ল্যাইসের ১২০৪ নং ফেইজ থেকে আগামী মার্চের মাঝামাঝি সময় থেকে কয়লা উত্তোলনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
প্রকৌশলী হাবিব জানান, ৩৬ মিটার পুরু স্তরকে আটটি স্ল্যাইসে ভাগ করা হয়। এর প্রথম স্ল্যাইসের সফল বাস্তবায়ন হতে যাচ্ছে। এরপর ভুমি থেকে প্রায় ৩শ মিটার নিচে দ্বিতীয় স্ল্যাইসের কয়লা উত্তোলন করা হবে।
তিনি আরো বলেন, প্রায় এক মাস কয়লা উত্তোলন বন্ধ থাকলেও ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু থাকবে। উত্তোলন বন্ধের পর কয়লা মজুদ থাকবে এক লাখ ২০ হাজার মেট্রিক টন। তাপবিদ্যুৎ কেন্দ্র্রের দুটি ইউনিট চালু থাকলে দৈনিক ২ হাজার মে. টন কয়লা লাগে।
জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি ২০০৮-২০০৯ অর্থ বছর থেকে লাভজনক পর্যায়ে আসে। তাদের সবচেয়ে বড় গ্রাহক পিডিবি। সরকারি নির্দেশ রয়েছে কমপক্ষে ৬০ হাজার মে. টন কয়লা মজুদ রেখে কয়লা বাইরে বিক্রি করা যাবে।
তিনি জানান, পিডিবির কাছে প্রতি টন কয়লা বিক্রি করা হচ্ছে ৮৪ ডলারে। বাইরে প্রতি টন কয়লা ১৩০ ডলারে বিক্রি করা হচ্ছে। পিডিবি মূল্য আরো না বাড়ালে খনি লোকসানের কবলে পড়তে পারে। কারণ দ্বিতীয় স্ল্যাইসে কয়লা উত্তোলন ব্যয় বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24