সুনামগঞ্জ, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনায় নারী ও শিশুসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো তিনজন।
জামালগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা রামপুর গ্রামের সুরমা নদী থেকে প্রথমে তিনটি ও পরে আরেকটি লাশ উদ্ধার করেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী নিখোঁজ তিনজনের খোঁজ চালিয়ে যাচ্ছে বলে মানিক জানান।
বৃহস্পতিবার ভোর রাতে জামালগঞ্জের সাচনবাজার থেকে নেত্রকোনার ইটনা যাওয়ার পথে ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের কাছে বালুবাহী একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় ইঞ্জিনচালিত নৌকাটি। যাত্রীদের মধ্যে ৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৭৪৬ ঘ.
bdnews24