২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি ‘তদন্তে’ চাঁদপুর ও লক্ষ্মীপুরে যাবে বিএনপির কমিটি

গণমিছিলে গুলির ঘটনা ‘তদন্তে’ ১৭ ফেব্র“য়ারি চাঁদপুর ও ১৮ ফেব্র“য়ারি লক্ষ্মীপুরে যাবে বিএনপি গঠিত ‘নাগরিক তদন্ত কমিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে গুলির ঘটনা ‘তদন্তে’ ১৭ ফেব্র“য়ারি চাঁদপুর ও ১৮ ফেব্র“য়ারি লক্ষ্মীপুরে যাবে বিএনপি গঠিত ‘নাগরিক তদন্ত কমিটি’। শুক্রবার সকালে কমিটির প্রথম বৈঠকের পর এর আহবায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী, আইনজীবী নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। ঘটনার কারণ ও তথ্য সংগ্রহ করবো।” গত ২৯ জানুয়ারি লক্ষীপুর ও চাঁদপুরে বিএনপির গণমিছিলে গুলির ঘটনায় মোট চারজন নিহত হন, যাদের নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি। পরদিন রাজশাহীতে একই কর্মসূচিতে গুলিতে নিহত হন জামায়াতে ইসলামীর এক কর্মী। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি হলেও তা প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, পুলিশের গুলির ঘটনায় পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণযোগ্য হবে বলে তারা মনে করে না। এই যুক্তি দেখিয়ে ঘটনার ‘নিরপেক্ষ তদন্তে’ গত ৬ ফেব্র“য়ারি পাঁচ সদস্যের এই ‘নাগরিক তদন্ত কমিটি’ গঠনের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কমিটির প্রধান করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে, যিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার একজন উপদেষ্টা। খন্দকার মাহবুবের কক্ষে কমিটির প্রথম বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, সংসদ সদস্য হাফিজুর রহমান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ আবু তালেব উপস্থিত ছিলেন। সৈয়দ আবদাল এই তদন্ত কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৩০ ঘ.