চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে ১১ জনকে পুড়িয়ে হত্যামামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ফের পিছিয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হোসনে আরা বেগম আগামী ২৬ ফেব্র“য়ারি সাক্ষ্য গ্রহণ শুরুর নতুন তারিখ দিয়েছেন।
এ নিয়ে চতুর্থবারের মত এ দিন পেছালো। গত ২২ জানুয়ারি বাদি পক্ষের সময়ের আবেদনে সাক্ষ্য গ্রহণ শুরু পিছিয়ে ছিল। এর আগেও রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের কারণে সাক্ষ্য শুরুর দিন দু’বার পেছায়।
চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার আসামি কারাগারে আটক আহমদ উল্লাহকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি।
এছাড়া মামলায় অভিযুক্ত আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরীর বিচার কার্যের ওপর উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকায় আদালত সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দিয়েছেন বলে জানান তিনি।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে এক দল সন্ত্রাসী আগুন ধরিয়ে দেয়। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে হত্যামামলা করেন।
সাত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম সিআইডি'র সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ গত বছরের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেন।
এরপর গত ১২ সেপ্টেম্বর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করে আদালত। বাদ পড়েন একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24