২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন ইসির শপথ বৃহস্পতিবার’

প্রধান বিচারপতি সম্মতি দিলে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনারের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে ইসি সচিব মোহাম্মদ সাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি সম্মতি দিলে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনারের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে ইসি সচিব মোহাম্মদ সাদিক। বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন সিইসি ও চার কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পেয়েছি আমরা। তাদের শপথ বৃহস্পতিবার আয়োজনের ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি বরাবর আবেদন জানানো হবে।” সব ঠিক থাকলে বৃহস্পতিবার বিকালেই এ শপথ অনুষ্ঠান হবে বলে জানান তিনি। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সিএসপি কর্মকর্তা কাজী রকিব উদ্দিন আহমদকে নিয়োগ দেন। কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ। মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পর বিকেলে তা নির্বাচন কমিশনে পৌঁছায়। শপথ অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসি সচিবালয়ের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। “বৃহস্পতিবার আয়োজনের অনুরোধ পেলে প্রধান বিচারপতির সুবিধা অনুযায়ী শপথের সময় নির্ধারণ করা হবে।” এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ায় রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে গত মাসে একটি অনুসন্ধান কমিটি করেন। মঙ্গলবার সন্ধ্যায় এই কমিটি রাষ্ট্রপতির কাছে যে সুপারিশ জমা দেয়, তাতে কমিশনারের পাঁচ পদের জন্য দশটি নাম আসে। তার মধ্য থেকেই পাঁচ জনকে বেছে নেন রাষ্ট্রপতি। এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বিদায়ী কমিশনের সদস্য এম সাখাওয়াত হোসেনের মেয়াদ ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত হওয়ায় নতুন কমিশনের চার কমিশনারের মধ্যে একজনের শপথ গ্রহণ পিছিয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচসি/জেকে/১৮৩৪ ঘ.