রংপুর, ফেব্র“য়ারি ০৮ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকার বিনিময়ে নিজের বদলে আরেকজনকে কারাভোগ করানো নীলফামারীর গয়াবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে রংপুরের কাচারী বাজার এলাকা থেকে গমচুরি মামলায় সাজাপ্রাপ্ত রহমানকে গ্রেপ্তার করা হয়।
গত প্রায় আট বছর ধরে আব্দুর রহমান সিলেটে সহকারী উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ১৫ লাখ টাকার বিনিময়ে তার বদলে কারাভোগ করছেন সিলেট শহরের বাদাম বাগিচা মহল্লার প্রয়াত আব্দুল কাদের ছেলে আব্দুর রউফ।
রংপুরের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শামীমা আকতার শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৯ সালে তুলকী নদী খনন কাজের জন্য বরাদ্দ করা ১১৫ মেট্রিকটন গম আত্মসাৎ করার অভিযোগে আব্দুর রহমানের বিরুদ্ধে দুদক মামলা করে।
ওই সময় অভিযুক্ত আব্দুর রহমান ছিলেন নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
শামীমা আকতার আরো জানান, ২০০৪ সালের ৩০ নভেম্বর রংপুরের বিশেষ জজ তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ছয় লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেন। তখন থেকে আব্দুর রহমান পলাতক ছিলেন।
এদিকে, মুজিবনগর সরকারের কর্মকর্তা পরিচয় দিয়ে সাজাপ্রাপ্ত রহমান আয়কর কর্মকর্তার চাকরি লাভ করেন। তিনি সিলেট আয়কর বিভাগে উপ-সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।
শিরিন জানান, মামলার বিষয়টি জানাজানি হওয়ায় গত ২৯ জানুয়ারি ওই আয়কর কর্মকর্তা সিলেট শহরের বাদাম বাগিচা মহল্লার প্রয়াত আব্দুল কাদের ছেলে আব্দুর রউফকে ১৫ লাখ টাকার বিনিময়ে আব্দুর রহমান সাজিয়ে রংপুরের বিশেষ জজ আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।
তবে, আসামির বেশভুষা ও চেহারা দেখে সন্দেহ হলে তিনি বিষয়টি সম্পর্কে নিজ উদ্যোগে খোঁজ নিতে শুরু করেন।
বিভিন্ন সূত্রে শিরিন নিশ্চিত হন আসল রহমান টাকার বিনিময়ে তার সাজা রউফকে ভোগ করাতে রাজি করিয়েছেন।
শিরিন রংপুরের পুলিশের সহযোগিতা চাইলে ডিবি পুলিশের তদন্তেও বিষয়টি ধরা পড়ে।
মঙ্গলবার শিরিন রংপুর বিশেষ জজ আদালতে আবেদন করলে নকল রহমানকে আগামী ২০ ফেরুয়ারি রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে সশরীরে হাজির করানোর নির্দেশ দেওয় হয়।
রংপুরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসল রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে প্রতারণার মামলা করারও প্রস্তুতি চলছে।
এদিকে গ্র্রেপ্তার হওয়ার পর আব্দুর রহমান সাংবাদিকদের জানান, তার নামে মামলা ছিল এটা তিনি জানতেন না। এমন কী নকল রহমানকেও তিনি চেনেন না বলে দাবি করেন।
৫৭ সালে জন্মানো আব্দুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চান, ১৩ বছর বয়সে প্রবাসী মুজিবনগর সরকারে কী কাজ করতেন? উত্তরে তিনি জানান, সে সময় তিনি আসামের মাইকার চরে ত্রাণ কর্মকর্তা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯১৩ ঘ.
bdnews24