ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২৬টি পদে ১৩৭ জনকে নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে বাদ পড়া এক প্রার্থীর রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ বুধবার এই রুল জারি করে।
আদালত একইসঙ্গে ২০১১ সালের ৭ জুলাই প্রকাশিত ওই নিয়োগ বিজ্ঞপ্তি কেন বাতিল করা হবে না, তাও জানতে চেয়েছে।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, নিয়োগ কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ আট জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৬ ফেব্র“য়ারি নিয়োগপ্রার্থী টুটুল দেব রিট আবেদনটি করেন। আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
রিট আবেদনের সঙ্গে ওই নিয়োগে দুর্নীতি বিষয়ে বিভিন্ন পত্রিকার প্রতিবেদন যুক্ত করে দেওয়া হয়। এর মধ্যে গত ২৮ ডিসেম্বর দৈনিক কালের কণ্ঠে ‘চমেক হাসপাতালে কর্মচারী নিয়োগে লাগামহীন দুর্নীতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, “একই ব্যক্তি আলাদা দুটি পদে নিয়োগ পেয়েছেন। নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে ধরা পড়া আসামিসহ একই পরিবারের চার জনের চাকরি হয়েছে। শুধু তাই নয়, সাঁটলিপি পরীক্ষা না নিয়ে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়ার ঘটনাও ঘটেছে।”
২৬ ডিসেম্বর ওই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের আগেই কয়েকজনকে নিয়োগপত্র দেওয়া হয় বলেও প্রতিবেদনে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯২৪ ঘ.
bdnews24