ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এসব পদোন্নতির আদেশ জারি করে।
কর্মকর্তাদের মধ্যে ১২৭ জন যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন। ২৬৪ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে করা হয়েছে যুগ্ম-সচিব। আর সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫৮ জন কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদায়ন ও প্রেষণ শাখার যুগ্ম-সচিব সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, পদোন্নতির আদেশ জারির সঙ্গে সঙ্গে এসব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন। তবে তাদের আপাতত নিজ পদ ছেড়ে ঢাকায় না আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
“অধিকাংশ কর্মকর্তাই তাদের বর্তমান পদে কাজ চালিয়ে যাবেন। এজন্য পৃথক কয়েকটি আদেশ জারি করা হচ্ছে। তবে এই পদোন্নতির কারণে কোনো কর্মকর্তা তার অধ্বস্তন বা সমপর্যায়ের কোনো পদের অধীনে চলে গেলে, তাদের সরিয়ে নেওয়া হবে।”
এ ধরনের কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি থাকবেন বলে সোহরাব হোসেন জানান।
এছাড়া বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক (ডিসি) পদে থাকা কর্মকর্তাদের মধ্যে যারা পদোন্নতি পেয়েছেন, তারা আপাতত আগের দায়িত্বেই থাকবেন।
সোহরাব হোসেন জানান, মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে কর্মরত কর্মকর্তাদের কাজে যোগদানের জন্য ঢাকায় না এনে ফ্যাক্সযোগে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন মূলত ’৮৪ সালের বিসিএস ক্যাডার কর্মকর্তারা। আগের কোনো ব্যাচের কেউ বঞ্চিত থাকলে তাদেরও এবার পদোন্নতি দেওয়া হয়েছে।
উপসচিব থেকে যুগ্মসচিব হওয়া কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই ’৮৫ ব্যাচের কর্মকর্তা। বিভিন্ন সময়ে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারাও এবার যুগ্ম-সচিব হয়েছেন।
আর উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একটি বড় অংশ সরকারি চাকরিতে যোগ দিয়েছেন ত্রয়োদশ বিসিএসের (’৯১ সালের পরীক্ষা দিয়ে ’৯৩ সালে নিয়োগ পাওয়া) মাধ্যম। তবে এতে বিভিন্ন সময়ে পদোন্নতি বঞ্চিত ’৮২ ব্যাচের কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫২০ ঘ.
bdnews24