২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই প্রকাশ-বিক্রি দুটোই বেড়েছে মেলায়

একুশের বইমেলায় প্রথম এক সপ্তাহে প্রকাশ হয়েছে ৭২৭টি বই, যা গত বছর একই সময়ের চেয়ে পৌনে দুশ’টি বেশি। বিক্রিতে সন্তুষ্ট প্রকাশকরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 06:00 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই বছর মেলার প্রথম সপ্তাহে পাঠক সমাগমের পাশাপাশি বই প্রকাশ ও বিক্রি দুটোই বেড়েছে। মঙ্গলবার এক সপ্তাহ পার করলো বাংলা একাডেমি চত্বরে আয়োজিত মাসব্যাপী একুশে বইমেলা। এদিন বিকালে মেলায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বই বিক্রিও বেশ হয়েছে বলে জানান বিভিন্ন স্টলের বিক্রেতারা। সপ্তম দিনের বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মিজান পাবলিশার্সের মালিক আ ন ম মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথম সপ্তাহের বিক্রিতে আমরা খুবই সন্তুষ্ট। আগামী দিনগুলোতে আরো বেশি বিক্রি হবে বলে আশা করছি।” কবি নির্মলেন্দু গুণের ‘ক্রিকেট সমগ্র’ বইটি মেলায় সাড়া জাগিয়েছে বলে জানান তিনি। “বিক্রি ভালোই। অন্য বইয়ের পাশাপাশি অনুবাদগুলো বেশি বিক্রি হচ্ছে,” বলেন ঐতিহ্য প্রকাশনীর স্টলের এক বিক্রেতা। বাংলা একাডেমির পরিসংখ্যান অনুযায়ী, প্রথম সপ্তাহে মেলায় মোট ৭২৭টি বই এসেছে। গত বছরের প্রথম সপ্তাহের তুলনায় এই সংখ্যা ১৭৬টি বেশি। বই বিক্রি নিয়ে উচ্ছ্বসিত অন্য প্রকাশের স্টলের বিক্রেতারা। জনপ্রিয় উপন্যাসিক হুমায়ূন আহমেদের বই প্রকাশের জন্য বেশি পরিচিত এই প্রকাশনীর কর্মী আলিমুল হক বলেন, “হুমায়ূন আহমেদের বইগুলো এত বেশি বিক্রি হচ্ছে যে আমরা চারটি কাউন্টার থেকে বই সরবরাহ করতে হিমশিম খাচ্ছি।” বই দেখা ও কেনা ছাড়াও মেলা প্রাঙ্গণ নগরবাসীর এক জায়গার মিলিত হওয়ার স্থানেও পরিণত হয়েছে। মোহাম্মদপুর থেকে আসা চাকরিজীবী জান্নাতুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে অফিস শেষ করে সরাসরি বাসায় গেলেও এখন বইমেলায় আসি। এখানে বই দেখা ও কেনার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিও চলে।” শহীদ মো. আদনান নামের একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মীও একই কথা বলেন। “আমি কবিতাভক্ত। আজ মূলত দেখতে এসেছি মেলায় কোন কোন বই এসেছে। কিন্তু বই দেখে মনে হচ্ছে সবগুলো কিনে ফেলি।” নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনকেও মঙ্গলবার দেখা গেল মেলায়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইমেলায় বইয়ের সংখ্যা বাড়তে থাকলেও সৃজনশীল বইয়ের অভাব রয়েছে। গবেষণাধর্মী ও মননশীল বই আরো বেশি আসা প্রয়োজন।” এদিন সাখাওয়াতের ভ্রমণ কাহিনী ‘বাংলা বিহার প্রান্তরে’ মেলায় এনেছে পালক প্রকাশন। মেলার সপ্তম দিনের সেমিনার মঙ্গলবার বিকালে বইমেলায় সেমিনারে ‘ভাষা-সংগ্রামী গাজীউল হক’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ এবং ‘ভাষা-সংগ্রামী মাহবুব-উল-আলম চৌধুরী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক আবুল মোমেন। একুশের ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত যে সভায় হয়, তার সভাপতি গাজীউল হককে নিয়ে প্রবন্ধে খায়রুল আলম সবুজ বলেন, “কিশোর বয়স থেকেই গাজীউল হক ছিলেন রাজনীতি সচেতন। এ সচেতনতা বলেই ব্রিটিশ-পাকিস্তানের বাঙালিবিরোধী চরিত্র ধরতে পেরেছিলেন তিনি। তারই সূত্র ধরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আমৃত্যু সক্রিয়।” ‘কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি’- ভাষা আন্দোলনের এই অমর কবিতার রচয়িতা মাহবুব উল আলম চৌধুরীকে ভাষা আন্দোলনের চেতনাকে শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার ‘অন্যতম নেপথ্য নায়ক’ হিসাবে অভিহিত করেন আবুল মোমেন। তিনি বলেন, “পঞ্চাশের দশকের সা¤প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে দৃঢ় অবস্থান তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গিরই পরিচয়।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন ভাষাবিদ আধ্যাপক মনিরুজ্জামান, কবি আসাদ চৌধুরী ও কথাসাহিত্যিক নূরুল করিম নাসিম। বিস্মৃতপ্রায় ভাষা-সংগ্রামীদের নিয়ে আলোচনার আয়োজনের জন্য বাংলা একাডেমীকে ধন্যবাদ জানান আরেফিন সিদ্দিক। তিনি বলেন, “এমন বীরদের বিস্মৃত হওয়া জাতিগত পাপেরই নামান্তর।” সন্ধ্যায় মেলার মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গণসংগীত সমন্বয় পরিষদ। দিনের বই মঙ্গলবার মেলায় মোট ১১০টি বই এসেছে। এর মধ্যে গল্প ১৬টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধের ১২টি, কবিতার ২৮টি, গবেষণার সাতটি, ছড়া পাঁচটি, শিশু সাহিত্য তিনটি, জীবনী দুটি, রচনাবলী একটি, বিজ্ঞানভিত্তিক একটি, ভ্রমন দুইটি, ইতিহাস দুইটি, চিকিৎসা দুইটি, রম্যরচনা তিনটি, ধর্মীয় একটি, বৈজ্ঞানিক কল্পকাহিনী একটি এবং অন্যান্য নয়টি বই রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত কবি নির্মলেন্দু গুণের ‘ক্রিকেট সমগ্র’, পাঠক সমাবেশ থেকে আব্দুল মান্নান সৈয়দের ‘জন্মান্ধ কবিতা গুচ্ছ’ ও কবীর চৌধুরীর থার্টিন পোয়েমস অব বিমল গুহ, ঐতিহ্য থেকে শাদুজ্জামানের গল্পগ্রন্থ ‘কেশের আড়ে পাহাড়’, সাহিত্যবাজার পত্রিকা থেকে নাসরীন জাহানের গল্পগ্রন্থ ‘নাসরীন জাহানের কিছু গল্প’, মিজান পাবলিশার্স থেকে আলী ইমামের কিশোর গল্পগ্রন্থ ‘পাখি উড়ে যায় দূরে’, জাগৃতি প্রকাশনী থেকে আলমগীর টুটুলের ‘হাসান আজিজুল হকের গল্প শিল্পীর দায় ও শিল্পের জগৎ’, বিদ্যাপ্রকাশ থেকে চিন্ময় মুৎসুদ্দীর প্রবন্ধগ্রন্থ ‘সমকালীন গণমাধ্যম স্বাধীনতা দায়িত্ব কর্পোরেট পুঁজি’, আগামী প্রকাশনী থেকে হাসনাত আব্দুল হাইয়ের উপন্যাস ‘উজানে’, প্রথমা থেকে সৈয়দ মঞ্জুরুল ইসলামের ছোটগল্প ‘বেলা অবেলার গল্প’, বিভাস থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘রানু ও ভানু’, প্রবন্ধগ্রন্থ ‘বরণীয় মানুষ স্মরণীয় বিচার’ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘ভয় পেয়োনা নীল মানুষ’, হাওলাদার প্রকাশনী থেকে আহমেদ সফার প্রবন্ধ সংকলন ‘নিকট ও দূরের প্রসঙ্গ’ ও নুরুল আনোয়ারের গল্পগ্রন্থ ’কালো কাল’, শুদ্ধস্বর থেকে আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত রচনাসমগ্র ‘সমালোচনা সমগ্র জীবনানন্দ দাশ’ ও হরিশংকর জলদাস এর উপন্যাস ‘কসবি’, অক্ষর প্রকাশন থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক হত্যাকাণ্ড’ এবং পালক পাবলিশার্স থেকে এম সাখাওয়াত হোসেনের ভ্রমণকাহিনী ‘বাংলা বিহার প্রান্তরে’। মঙ্গলবার মোট পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এএইচ/এমআই/০০০০ ঘ.