২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূতাবাস থেকে পাসপোর্ট খোয়া যাওয়ার অভিযোগ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস থেকে ইস্যুর জন্য রাখা পাসপোর্ট খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 04:34 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস থেকে ইস্যুর জন্য রাখা পাসপোর্ট খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র দূতাবাস কর্মীদের সহায়তায় চড়া দামে বিক্রির জন্য কয়েক হাজার পাসপোর্ট হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটিতে কর্মরত বাংলাদেশিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস থেকে হাজার খানেক পাসপোর্ট খুঁজে না পাওয়ার কথা তিনি শুনেছেন। দূতাবাসের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস চুরির অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, পাসপোর্টের হিসাবে কিছু গড়মিল হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। মালয়েশিয়ায় অবৈধভাবে কর্মরত প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশিকে বৈধ হওয়ার সুযোগ দিতে সরকার তাদের হাতে লেখা পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের ১ অগাস্ট কুয়ালালামপুর দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এই পাসপোর্ট বিতরণ শুরু করা হয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, দুই লাখ ৩৬ হাজার আবেদনকারীর মধ্যে মঙ্গলবার পর্যন্ত দুই লাখ ৩৫ হাজার বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। ১৫ ফেব্র“য়ারির মধ্যে সবাইকেই পাসপোর্ট দেওয়ার কথা। কিন্তু স¤প্রতি সেখানে অবস্থানরত বাংলাদেশিরা অভিযোগ তোলেন, একটি চক্র মোটা টাকায় বিক্রি করতে দূতাবাস থেকে কয়েক হাজার পাসপোর্ট হাতিয়ে নিয়েছে। দুই থেকে তিন হাজার রিংগিতের বিনিময়ে শ্রমিকদের পাসপোর্ট দিচ্ছে তারা। সরাসরি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে ১০২ রিংগিত জমা দিয়ে পাসপোর্ট নবায়ন করার সুযোগ থাকলেও দালালদের খপ্পরে পড়ে অনেকেই তাদের মাধ্যমে বেশি টাকায় পাসপোর্ট নিচ্ছেন। এই চক্রের সঙ্গে দূতাবাসের কিছু কর্মীও জড়িত বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দূতাবাস থেকে এক হাজার পাসপোর্ট খুঁজে না পাওয়ার কথা শুনেছি। এর মধ্যে সোমবার পর্যন্ত ১০০ পাসপোর্ট পাওয়া গেছে। বিষয়টি নিয়ে শিগগিরই তদন্ত কমিটি হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা ক্রমিক নম্বর অনুসারে বাতিল করা হবে। দোষীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” পাসপোর্ট খোয়া যাওয়ার বিষয়টি অস্বীকার করে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস বলেন, “পাঁচজন কর্মকর্তাকে পাসপোর্ট ইস্যু করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ১৫ ফেব্র“য়ারির মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা। তাদের কাছ থেকে বিতরণ করা পাসপোর্টের তালিকাও চাওয়া হয়েছে। তাদের কাজ শেষে হিসাব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাবে না।” তবে অভিযোগ যেহেতু উঠেছে, তার তদন্ত হবে বলেও মন্তব্য করেন মন্টু। “কোনো অভিযোগ দূতাবাস উড়িয়ে দিচ্ছে না। তদন্ত করে প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”, বলেন তিনি। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ মনে করেন, এ ধরনের চুরির ঘটনা ‘অসম্ভব’ নয়। “তবে অনিয়ম বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে মিশন প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত করার কথা। তারা তা করবেন বলে আশা করি”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১০১০ ঘ.