২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্ররা রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত: মিজানুর

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় সেবা থেকে দরিদ্র লোকজন বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় সেবা থেকে দরিদ্র লোকজন বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “হাসপাতাল, বিদ্যালয়, শিশু সদন, এতিমখানাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মানুষ প্রতিনিয়ত রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।” তিনি বলেন, ঢাকা মেডিক্যাল, পঙ্গু হাসপাতালসহ রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দরিদ্র রোগীরা বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা থাকলেও তারা তা পাচ্ছেন না। শেয়ার বাজারে দুই বিনিয়োগকারীর আত্মহত্যার প্রসঙ্গ টেনে অধ্যাপক মিজান বলেন, “অন্য কারো দুর্নীতি, অযোগ্যতার কারণে নাগরিকদের প্রাণ দিতে হলেও কেমন করে তারা ঘুমান। যারা প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে পারছেন না তাদের চলে যাওয়া উচিত।” ‘রাজপথ দখল করে কেউ কামিয়াবি হতে পারবে না’ উল্লেখ করে রাজনীতিবিদদের উদ্দেশ্যে মিজানুর বলেন, “আপনারা হুঙ্কার দেবেন না। জনগণকে বলবেন না, এখানে চলো, ওখানে চলো। আপনারা আমাদের শান্তি দিন।” আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে র‌্যাব-পুলিশের হাতে এখনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দাবি করে তিনি বলেন, এটা দুঃখজনক। “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও তাদের দ্বারা মানুষ এখনো নির্যাতিত হচ্ছে। এটা কারো কাম্য নয়”, যোগ করেন মিজানুর। মানবাধিকার ও পর্যটন বিষয়ক মাসিক পত্রিকা ‘মানবাধিকা খবর’র প্রকাশনা উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক মণ্ডলির সভাপতি মোবাইদুল ইসলাম, পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দিন, পুলিশের সাবেক আইজি আ. রহিম খান ও হিউম্যান রাইটস অ্যান্ড রিভিউ সোসাইটির উপদেষ্টা কামাল উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/২০১৮ ঘ.