ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিইসি পদে সাবেক সিএসপি কর্মকর্তা কাজী রকিব উদ্দিন আহমেদ অথবা সাবেক সচিব আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি। কমিশনারের চারটি পদে এসেছে আটটি নাম, যার মধ্যে এক জন নারী।
নতুন নির্বাচন কমিশন গঠনে সুপারিশ চূড়ান্ত করে মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে দিয়েছেন কমিটির সদস্যরা। বঙ্গভবনেই সাংবাদিকদের কাছে নামগুলো প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
সার্চ কমিটির এই প্রস্তাবকে অর্থহীন বলে অভিহিত করেছে বিএনপি। অন্যদিকে সরকারের শরিক জাসদ বলেছে, সার্চ কমিটির সুপারিশে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামগুলো না এলেও যাদের নাম এসেছে, তারা সৎ ও যোগ্য।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত সাবেক সিএসপি কর্মকর্তা কাজী রকিব শিক্ষা সচিব হিসেবে ২০০৩ সালে অবসরে যান। এর আগে স্বরাষ্ট্র সচিবের দায়িত্বও পালন করেন তিনি। কর্মজীবনে বিভিন্ন কর্পোরেশনে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।
আলী ইমাম ২০০৬ সালের ডিসেম্বরে ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পান। এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রায় পুরোটা সময়ে এই দায়িত্বে ছিলেন তিনি। ওই সময়ে অবসরের সময় এলেও তার চাকরির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৭ ব্যাচের এই কর্মকর্তা ২০০৮ সালের নভেম্বর মাসে নির্বাচনের এক মাস আগে অবসরে যান আলী ইমাম। কুমিল্লার এই বাসিন্দা বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সংস্থাপন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া সার্চ কমিটির চার জন কমিশনার হিসেবে আটটি নাম সুপারিশ করেছে। এর মধ্যে একজন নারী রয়েছেন, তিনি হলেন ব্রতী (এনজিও)’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ। এই প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণসহ নির্বাচনী কাজে সম্পৃক্ত আছে অনেকদিন ধরে।
কমিশনার হিসেবে প্রস্তাবিত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ বিসিএসের ১৯৭৩ ব্যাচের কর্মকর্তা। তিনি সরকারি কর্মচারী কল্যাণ পরিদপ্তরের পরিচালক ছিলেন। বর্তমান সরকার তাকে ইস্পাত ও প্রকৌশল অধিদপ্তরে (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল।
১৯৭৩ ব্যাচের আরেক কর্মকর্তা শাহ মো. মনসুরুল হকের নামও কমিশনার হিসেবে প্রস্তাব করেছে সার্চ কমিটি। অবসর নেওয়ার সময় তিনি অতিরিক্ত সচিব ছিলেন।
প্রস্তাবিত আব্দুল মোবারক ঢাকার জেলা প্রশাসক ছিলেন। ইন্ড্রাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিসের সাবেক এই কর্মকর্তা যুগ্মসচিব হিসেবে অবসরে যান।
প্রস্তাবিত আটটি নামের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন এক জন, তিনি হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী।
সাবেক পুলিশপ্রধান হাদিস উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের সাবেক নিবন্ধক ফজলুল করিম এবং অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মো. শাহনেওয়াজের নামও কমিশনার হিসেবে প্রস্তাব করা হয়েছে।
সার্চ কমিটির প্রস্তাবিত নাম প্রকাশ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “নতুন ইসি কাদের নিয়ে করা হচ্ছে কিংবা সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করেছে, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
“আমরা মনে করি, বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে এই মুহূর্তে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়াই সমাধানের একমাত্র পথ।”
সার্চ কমিটির আহ্বানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দল নতুন কমিশনের জন্য তাদের পছন্দের ব্যক্তির নামের তালিকা দিলেও প্রধান বিরোধী দল বিএনপি কোনো নাম দেয়নি।
সার্চ কমিটির প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক দলগুলো যে সব নাম দিয়েছিল, সে সব নাম কমিটি সুপারিশে আসেনি।”
“তবে কমিটি যাদের নাম প্রস্তাব করেছে, তারা কর্মক্ষেত্রে সততা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন কমিশনেও তারা দায়িত্ব পালনে সফল হবেন বলে আশা করি,” যোগ করেন তিনি।
এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ায় রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে গত মাসে এই সার্চ (অনুসন্ধান) কমিটি গঠন করেন।
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন এই সার্চ বা অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালনে সহায়তা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির অন্য তিন সদস্য হলেন- হাই কোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, পিএসসি চেয়ারম্যান এ টি আহমদুল হক চৌধুরী ও মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমকে/এমআই/০১০৮ ঘ.
bdnews24