চাঁদপুর, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগঠনতান্ত্রিকভাবে চাঁদপুর জেলা যুবদলের কমিটি গঠনের অভিযোগে কেন্দ্রীয় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিনিয়র সহকারী জজ আবদুর রহিমের আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী গোলাম মোস্তফা।
বাদীপক্ষের আইনজীবী আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।
অভিযুক্ত অপর পাঁচজন হলেন- যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী রফিক, নতুন জেলা সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
মামলায় কাজী গোলাম মোস্তফা অভিযোগ করেন, নতুন যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে তা অগঠনতান্ত্রিক ও অবৈধ। এই কমিটি বাতিল করে বিধি মোতাবেক নতুন করে কমিটি ঘোষণা করা হোক। তিনি আদালতে এই কমিটি অবৈধ দাবি করে স্থগিতাদেশ চান।
গত ২৩ জানুয়ারি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাইফুল আলম নীরব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শাহজালাল মিশনকে সভাপতি ও আফজল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭২৭ ঘ.
bdnews24