চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে চট্টগ্রামে ভারতের সাংস্কৃতিক সংগঠন মিলনমেলার শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছেন।
চট্টগ্রামের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সোমবার সন্ধ্যায় কলকাতার শান্তিনিকেতনের সংগঠন মিলনমেলার শিল্পীরা বাউলগান এবং ‘কালারি পায়াত্তু’ শীর্ষক আগুননৃত্য, ঝাড়খণ্ডের পুরুলিয়ার ‘চাউউ নৃত্য’ ও ওড়িষী ঘটিপুয়া মন্দির নৃত্য পরিবেশন করেন।
ভারতের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মিলনের মধ্য দিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে ১৬ জন শিল্পী ও কলাকুশলী এসব পরিবেশনা তুলে ধরেন।
সংগঠনটির প্রধান অবনী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের বিভিন্ন অঞ্চলে আদি সংস্কৃতি চর্চার সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটানোর চেষ্টা করি আমরা।”
এদেশীয় উন্নয়ন সংস্থা বিটা’র সহযোগিতায় বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও অলিয়ঁস ফ্রসেজ ‘মিলনমেলা’ শিরোনামে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতেই আলিয়ঁস ফ্রসেজ চট্টগ্রামের পরিচালক ড. সামুয়েল বেরথে এবং চট্টগ্রামে নিয়োজিত ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/০০২৩ ঘ.
bdnews24