২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকার মাত্র ২৬ লাখ

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দেশে কর্মহীন মানুষের সংখ্যা মাত্র ২৬ লাখ, যা দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার ৪ দশমিক ৫০ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দেশে কর্মহীন মানুষের সংখ্যা মাত্র ২৬ লাখ, যা দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার ৪ দশমিক ৫০ শতাংশ। সোমবার পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক সংবাদ সম্মেলনে শ্রমশক্তি জরিপের তথ্যে বেকারত্বে চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, দেশে গ্রামের চেয়ে শহরে বেকার সংখ্যা বেশি। বিবিএস ২০১০ সালের মে মাসে এই জরিপ চালায়। এটি স্বাধীন বাংলাদেশে একাদশ শ্রমজরিপ। এর আগে ২০০৫-০৬ সালে সর্বশেষ জরিপ হয়েছিল। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালের জরিপে মোট ১৫০০টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শহরাঞ্চলের ৩২৫টি ও গ্রামাঞ্চলে ১ হাজার ১৭৫টি। মোট ৪৩ হাজার ৯৪৫টি খানা এই জরিপের আওতায় ছিল, যার মধ্যে গ্রামের ৩৪ হাজার ২২৬টি এবং শহরের ৯ হাজার ৩২৫টি। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসেবে দেশে বেকার সংখ্যা অনেক হলেও সরকারি হিসেবে সংখ্যা কম হওয়ার বিষয়ে বিবিএস কর্মকর্তারা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা ও ধারণা অনুসরণ করে তারা বেকারের সংখ্যা নির্ধারণ করেছেন। আইএলও’র সংজ্ঞা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি আয়-উপার্জনের নিমিত্তে অথবা বিনাশ্রমে নিজস্ব খামার, প্রতিষ্ঠান বা সংস্থায় কমপক্ষে এক ঘণ্টাও কাজ করেন, তাহলে তিনি কর্মরত হিসেবে (এমপ্লয়েড) বিবেচিত হবেন। আর বেকারের সংজ্ঞায় বলা হয়েছে, যারা কাজ খুঁজেছেন বা কাজ খুঁজছেন তবে অসুস্থতার জন্য কাজ খুঁজতে পারেননি অথবা এ ধারণার বশবর্তী হয়ে কাজ খুঁজেননি যে কোনো কাজ পাওয়া যাবে না, তাকে বেকার হিসেবে গণ্য করা হবে। শ্রমজরিপে দেখা যায়, দেশে মোট শ্রমশক্তির পরিমাণ ৫ কোটি ৬৭ লাখ। এর মধ্যে কর্মরত শ্রমশক্তির পরিমাণ ৫ কোটি ৪১ লাখ। এই হিসাবে বেকারের সংখ্যা ২৬ লাখ। জরিপের ফলাফল অনুযায়ী, ২০০২-০৩ থেকে ২০০৫-০৬ সময়ে শ্রমশক্তি বেড়েছে ৩২ লাখ এবং কাজে নিয়োজিত হয়েছে ৩১ লাখ। বেকার ছিল ১ লাখ। ২০০৫-০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত শ্রমশক্তি বেড়েছে ৭২ লাখ। কাজে নিয়োজিত হয়েছে ৬৭ লাখ। আর বেকার ছিল ৫ লাখ। জরিপের তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ থেকে ২০১০ সাল সময়ে শ্রমশক্তির বৃদ্ধির হার ৩ দশমিক ৩৯ শতাংশ। শহরে বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ। আর গ্রামে বেড়েছে ৩ দশমিক ৪৮ শতাংশ। লিঙ্গ ও অঞ্চলভেদে দেখা যায়, গ্রামের চেয়ে শহরে বেকারত্বের হার বেশি। দেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর ৪ দশমিক ৫ শতাংশ বেকারের মধ্যে ৪ দশমিক ১ শতাংশ পুরুষ, আর ৫ দশমিক ৭ শতাংশ নারী। শহরে ৬ দশমিক ৫ শতাংশ বেকারের মধ্যে ৫ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৮ দশমিক ৩ শতাংশ নারী। আর গ্রামে ৪ শতাংশ বেকারের মধ্যে ৩ দশমিক ৬ শতাংশ পুরুষ, ৪ দশমিক ৯ শতাংশ নারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২৩৫ ঘ.