২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে জিম্মি: পুলিশসহ গ্রেপ্তার ৭

কেরানীগঞ্জের এক ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে তিন পুলিশসহ সাত জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কেরানীগঞ্জের এক ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে তিন পুলিশসহ সাত জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারারফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম, কনস্টেবল নিয়ামত আলি, সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট জাহেদুল ইসলাম, রুহল আমীন, আব্দুল হাই মিঠু এবং জামাল হোসেন। এদের মধ্যে ছয় জনকে গত শুক্রবার এবং এক জনকে রোববার গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার আমান উদ্দিন এবং ভারতীয় নাগরিক মহাবীর আগারওয়ালা নামে দুই ব্যবসায়ী ভাড়া ট্যাক্সি করে যাচ্ছিলেন। এসময় পুলিশ পরিচয়ে ছয় ব্যক্তি তাদের মহাখালি ফ্লাইওভারের কাছে আটক করে। “তাদের কাছে চার বোতল মদ পাওয়া যায়। কিন্তু মদ বহনের অনুমতি দেখানোর পর ভারতীয় নাগরিককে ছেড়ে দিয়ে আমান উদ্দিনকে তারা আটক করে নিয়ে যায়।” পরে আমান উদ্দিনের আত্মীয়স্বজনের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। আমানের স্বজনরা বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানায়। গোয়েন্দা পুলিশ মুক্তিপণ দাবিকারীদের সঙ্গে যোগযোগ করে ফাঁদ পাতে। পরে ডিবি পুলিশ শুক্রবার সন্ধ্যার পর আগারগাঁও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ভবনের (আইডিবি) সামনে থেকে আমানকে উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই ঘটনায় উপ-পরিদর্শক মোশাররফ হোসেন জড়িত। পরে রোববার তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে দ্রুত বিচার আইনে কাফরুল থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/পিডি/২১৩২ ঘ.