ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পৃথক দুই স্থানে দুই দোকান ও বাড়ি থেকে প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল চুরি হয়েছে।
সোমবার ভোরে রামপুরায় এক স্বর্ণের দোকানে এবং রোববার রাতে পল্লবীতে সায়েন্স ল্যাবরেটরির চেয়ারম্যানের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
চোরেরা স্বর্ণের দোকানের তালা ভেঙে প্রায় ৭০ ভরি স্বর্ণলংকার ও আড়াই কেজি রুপাসহ সিন্দুক নিয়ে যায়। অন্যদিকে বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নেয় তারা।
রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওয়াপদা রোডে সুমন জুয়েলার্স নামের দোকানে চুরির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, “চট্টগ্রাম থেকে আসা এক ব্যক্তি বাস থেকে নেমে রিকশায় করে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় চুরির ঘটনা দেখেন। নিজের নিরাপত্তার কারণে চোরদের কিছু না বলে বেশ কিছু দূরে টহল পুলিশকে জানায়। পুলিশ এসে দেখে চোরেরা নেই, দোকানের তালা ভাঙা।”
পরে ভোরবেলাই দোকানের মালিককে খবর দেওয়া হলে তিনি জানান, তার দোকান থেকে শুধু সিন্দুকটি চোরেরা নিয়ে গেছে।
এদিকে মিরপুর ৬ নম্বর সেকশনের ৫ নম্বর এভিনিউ’র ৬/সি নম্বর বাসার দোতলায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) চেয়ারম্যান আহমেদ ইসমাইল মোস্তফার বাসায় চুরি হয় রোববার।
এই বাসায় চেয়ারম্যানের মা ও প্রবাসী ভাই থাকেন। চেয়ারম্যান থাকেন সায়েন্স ল্যাবরেটরির সরকারি বাসায়।
পল্লবী থানায় তার করা মামলা সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে বাসার সবাই বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে ফিরে দেখেন দরজার ভেতর থেকে তালা লাগানো।
পরে দারোয়ানের মাধ্যমে জানতে পারেন বাড়ির পেছনে জানালার গ্রিল কাটা। খবর পেয়ে পুলিশ আসার পর এক ছোট ছেলেকে গ্রিলের কাটা অংশ দিয়ে ঘরে ঢুকিয়ে দরজা খোলানো হয়।
এরপর পুলিশ ভেতরে ঢুকে দেখে ঘরের দুইটি শোওয়ার ঘরের জিনিসপত্র এলোমেলো। চোরেরা আলমারি এবং ওয়্যারড্রোব ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা, আড়াই হাজার পাউণ্ড, প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পল্লবী থানার উপ-পরিদর্শক মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চোরেরা দুই দফা গ্রিল কেটে শোওয়ার ঘরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরেরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।
এই দুইটি চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা মালামাল উদ্ধার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24