২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে মেলায় ভাংচুর-আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোক কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় এক দল লোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোক কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় এক দল লোক। অশ্লীলতার অভিযোগ এনে রোববার দুপুরে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুতুল নাচ ও যাত্রাপালার নামে অশ্লীলতা প্রদর্শন বন্ধে মেলা আয়োজকদের অনুরোধ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিবছরের মতো গত ১৪ জানুয়ারি মাসব্যাপী এ মেলা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের পণ্যসম্ভারের ১৬৭টি স্টল রয়েছে মেলায়। আগামী ১২ ফেব্র“য়ারি শেষ হওয়া কথা রয়েছে। সকাল ১১টার দিকে জাদুঘর চত্বরে পুতুল নাচ ও যাত্রারা নামে অশ্লীলতা বন্ধের দাবি জানিয়ে মিছিল করে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে যাত্রা মঞ্চে ভাংচুর শুরু হয়। এক পর্যায়ে শিল্পী-কলাকুশলীদের থাকার ঘরেও আগুন দেওয়া হয়। সাউন্ড সিস্টেম, আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর হলেও এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানায়। ভাংচুর ও আগুনের সময় মেলায় আসা লোকজদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অগ্নি নির্বাপণ বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভায়। নরসিংদীর রায়পুরা এলাকার ‘রূপালি অপেরা’ নামের একটি সংগঠন প্রতিদিন মেলায় পুতুল নাচ ও যাত্রাপালা আয়োজন করে আসছিল। এ সংগঠনের সমন্বয়ক মাসুম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাংচুরের কারণে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০০ ঘ.