ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার শহরে সুন্নি আন্দোলন বাংলাদেশের মিছিলের ঘোষণার পর কওমী মাদ্রাসা ইসলামী ছাত্র ঐক্য তা প্রতিরোধের ঘোষণা দিলে সহিংসতা এড়াতে শহরে এ ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান সদর থানার ওসি মো. আব্দুর রব।
তিনি বলেন, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা এবং আশপাশে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে শহরে এ ব্যাপারে মাইকিং করা হয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩৩০ ঘ.
bdnews24