২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চের কেবিন থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

বরিশাল লঞ্চঘাটে একটি যাত্রীবাহী লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় এক লঞ্চ কর্মচারীকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

বরিশাল, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল লঞ্চঘাটে একটি যাত্রীবাহী লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় এক লঞ্চ কর্মচারীকে আটক করা হয়। শনিবার সকালে পারাবত-৭ নামের লঞ্চের নিচতলার পিছনের দিকে ক্যান্টিনের স্টাফদের জন্য বরাদ্ধ একটি কেবিন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহিদুজ্জামান বলেন, মহিলার বয়স ৩০-৩৫ বছর হবে। গলায় দুটি কালো চিহ্ন রয়েছে। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার লঞ্চের ক্যান্টিনের কর্মচারী শহিদুল (৩৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫নং পুর্নাপাশা এলাকার রুস্তম আলী আকনের ছেলে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। আটক শহিদুল সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে দু’জন নারী-পুরুষ লঞ্চে ওঠে। স্টাফদের জন্য বরাদ্ধ কেবিন তার (শহিদুলের) কাছ থেকে ১ হাজার টাকায় ভাড়া নেন। ভাড়ার অর্ধেক অগ্রিম দিয়েছে। সকালে লঞ্চ ঘাটে এসে পৌঁছুলে কেবিনে তালা ঝুলানো দেখতে পায় শহীদুল। পরে লঞ্চের সুপারভাইজার, আনসার কমান্ডারকে ডেকে আনা হয়। তারা মোবাইলে লাইটের সাহায্যে ভিতরে এক মহিলাকে ঘুমিয়ে থাকতে দেখে। অনেক ডাকাডাকির করা হয়। কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পারাবত-৭ লঞ্চের সুপারভাইজার আ. মান্নান বলেন, শহিদুলের ডাকে সেখানে গিয়ে কেবিনে দরজার ফাঁকা থেকে ভিতরে লাশ দেখতে পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২৯ ঘ.