২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির বিকেলে ক্ষুদে পাঠকের ভিড়

ছুটির দিন এমনিতেই ভীড় বেশি হয়, তবে শনিবার বিকেলে বাবা মায়ের হাত ধরে বইমেলার স্টলে স্টলে ক্ষুদে পাঠকদের ঘুরে বেড়ানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটির দিন এমনিতেই ভীড় বেশি হয়, তবে শনিবার বিকেলে বাবা মায়ের হাত ধরে বইমেলার স্টলে স্টলে ক্ষুদে পাঠকদের ঘুরে বেড়ানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো। অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিন শনিবার মেলায় ঢুকেই বিভিন্ন বয়সী শিশুদের সমাগম দেখা গেল। বই মেলার স্টলগুলোতেও দেখা গেল শিশুদের জন্য বইয়ের সমাহার। চাচা খন্দকার মোয়াজ্জেম হোসেনের সঙ্গে মেলায় বই কিনতে এসেছে ছয় বছরের মাসরুফা তাসাফিয়া অরিন এবং পাঁচ বছরের আবের হোসের হামিম। অরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “রুপকথার বই ও ছবি আঁকার বই কিনেছি। আরো বই কিনবো।” অরিনের চাচা ব্যাংক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, “বাচ্চাদের বই পড়ার আগ্রহ অনেক। ছুটির দিন হওয়ায় তাদের নিয়ে এসেছি।” ছোটদের গল্পের বই কিনেছে ছয় বছরের মুকিত আহমেদ। তার বাবা অর্থমন্ত্রণালয়ের উপ-সচিব খলিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির দিন হওয়ায় বাচ্চাকে নিয়ে একটু বেড়াতে আসলাম। মূলত ওর জন্য বই কিনবো আর আমার জন্য বই দেখবো।” মেলার বিভিন্ন দোকানগুলোতে অন্য বইয়ের পাশাপাশি শিশু কিশোরদের বই বিকোতেও দেখা গেল। শিশুদের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিবছর বই প্রকাশ করে ইছামতি প্রকাশনী। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মো. রাশিদুল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর এখন পর্যন্ত শিশুদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভুতিভূষণের চারটি সংকলন এসেছে। কয়েকদিনের মধ্যে উপেন্দ্রকিশোরের আরো একটি সংকলন আসবে।” ইছামতি থেকে প্রকাশিত শিশুদের অন্য বইগুলো হচ্ছে ‘নির্বাচিত ভৌতিক গল্প’, ‘সাগরতলের রহস্য’, ‘জানা অজানা বিজ্ঞান’, প্রশ্নোত্তরে বাংলাদেশ ও বাংলাদেশের ইতিহাস’ প্রভৃতি। এছাড়া আগামী ২৯ তারিখের মধ্যে আরো ৩১টি বই আসবে বলে জানান রাশিদুল। বাংলা প্রকাশের দোকানকর্মী মাধুরী বলেন, “আজ সকাল থেকে বাচ্চারাই বেশি আসছে। বিক্রি বেশ ভালো। শিশু কিশোরদের জন্য দুবছর আগে ১৮২ জন লেখকের শিশুতোষ লেখা নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘আলোকলতা’র চাহিদা এ বছরও বেশি।” পশ্চিমবঙ্গেও বইটির ভালো চাহিদা তৈরি হয়েছে বলে জানান তিনি। ভিকারুন নিসা নূন স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শৈলী সংবাদপত্রে জনপ্রিয় লেখক মুহাম্মদ জাফর ইকবালের একটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিজ্ঞাপন দেখে সেটি কিনতে এসেছে। শৈলীর মা জানায়, এটা ছাড়াও ওর যেটা ভালো লাগবে সেটা কিনবে। প্রতিবছর মেলায় অনেকবার করে আসা হয়।” সময় প্রকাশন এবারের মেলায় শিশুদের জন্য এনেছে মুহাম্মদ জাফর ইকবালের ‘রুপ-রুপালী’, ধ্রুব এষ এর ‘রেডিও কার্তিকপুর’, মোস্তফা কামালের ফটকু মামা ও কয়েকজন দুষ্টু ছেলে’, শাহরিয়ার কবির এর ‘কিশোর সমগ্র-৫’, কাইজার চৌধুরীর ‘কিশোর সমগ্র-৪’ ছাড়াও আরো কয়েকটি বই। অন্যপ্রকাশ থেকে বাচ্চাদের জন্য এসেছে আলম তালুকদারের ছড়ার বই ‘আচ্ছা ছড়া বাচ্চা ছড়া’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/আরএ/১৮১০ ঘ.