ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, বর্তমান ব্যবস্থায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন থাকলেও কমিশনকে কিছু কর্তৃত্ব দিলে তা অবশ্যই সম্ভব।
শনিবার এক বিদায় অনুষ্ঠানে যে কোনো মূল্যে নিরপেক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
বর্তমান কমিশনকে বিদায় সংবর্ধনা দিতে বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন সচিবালয়।
দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিদায়ী সিইসি বলেন, “আল্লাহর দুনিয়ায় কোনো কিছু অসম্ভব নয়। অবশ্যই সম্ভব। বর্তমান ব্যবস্থায় হয়তো সম্ভব নয়। এই জন্য ইসিকে কিছু কর্তৃত্ব দিলে, পর্যায়ক্রমে (সাত বিভাগে পৃথকভাবে) নির্বাচন করার ব্যবস্থা করলে এবং ইভিএম ব্যবহার করলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
বিগত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শামসুল হুদার কমিশনের আয়োজনে ২০০৮ এর ডিসেম্বরের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। তবে সরকার গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করায় আগামী জাতীয় নির্বচান হবে দলীয় সরকারের অধীনে।
প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে আসছে, দলীয় সরকারের অধীনেও যে সুষ্ঠু নির্বাচন সম্ভব- বিগত কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনই তার প্রমাণ।
বিদায় অনুষ্ঠানে আবেগ আক্রান্ত কণ্ঠে শামসুল হুদা বলেন, “নির্বাচন কমিশন যে আস্থা অর্জন করেছে তা শুধু ধরে রাখলে হবে না, আরো উপরে নিয়ে যেতে হবে।”
“সবার কাছে গ্রহণযোগ্য হতে হলে যে কেনো মূল্যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে”, যোগ করেন তিনি।
পাঁচ বছর আগে ২০০৭ সালের ৫ ফেব্র“য়ারি সিইসির দায়িত্ব নেন শামসুল হুদা। একই দিন দায়িত্ব নেওয়া নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনকেও একই অনুষ্ঠানে বিদায় জানানো হয়।
এই দুজনের নিয়োগের আট দিন পর নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
ইসি সচিব মোহাম্মদ সাদিকের সভাতিত্বে ‘পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা ও দ্বিবার্ষিক কর্মপরিকল্পনায় বিদায়ী ইসির দিক নির্দেশনা’ শীর্ষক এ অনুষ্ঠানে আঞ্চলিক ও জেলা নিবচন কর্মকর্তারাও উস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩৫০ ঘ.
bdnews24