আগরতলা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশিদের ওপর বিএসএফ সদস্যদের নির্যাতন নিয়ে উত্তেজনার মধ্যেই শুক্রবার এক প্রীতি ফুটবল ম্যাচ খেলেছেন প্রতিবেশী দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলার ৭৫ কিলোমিটার উত্তরের খোয়াই শহরে বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে এই ফুটবল প্রতিযোগিতা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল বিজয় নিশ্চিত করতে না পারলে টাইব্রেকারে গড়ায় খেলা, আর তাতে ৪-৩ গোলে হেরে যায় বিজিবি।
দুই বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের পাশাপাশি এই ফুটবল প্রতিযোগিতা হয়। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতি চার মাস অন্তর আলোচনায় বসার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা।
বিএসএফ’র তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি অরুন কুমার তাম্বে ও বিজিবি’র সিলেট সেক্টরের কমান্ডার খাইরুজ্জামানের নেতৃত্ব ওই বৈঠক হয়।
সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড, জঙ্গিদের গতিবিধি, অস্ত্র, মাদক ও গরু-ছাগল পাচার এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের দুর্বল স্থানগুলো সনাক্ত করা ও সীমান্তে উভয় বাহিনীর টহল জোরদার করা নিয়ে চার মাস অন্তরের ওই বৈঠকে আলোচনা হবে।
বিএসএফ’র মুখপাত্র সুধীর কুমার সাংবাদিকদের বলেন, “সীমান্ত পরিস্থিতির উন্নয়ন এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসরতদের আরো সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি চার মাসে একবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ ও বিজিবি।”
“ভারত-বাংলাদেশ সীমান্তের অপরাধপ্রবণ ও শিথিল নিরাপত্তা ব্যবস্থার এলাকাগুলোতে যৌথভাবে টহল দেবে বিএসএফ ও বিজিবির সেনারা,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০৩৬ ঘ.
bdnews24