পাবনা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরে শুক্রবার সকালে চারতলা ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সুমন রহমান (২৯) গ্লোবাল এক্সচেঞ্জের একটি ইন্টারনেট ডেভেলপার কোম্পানির টেকনিশিয়ান ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সদর থানার ওসি এনায়েত উদ্দিন বলেন, সকালে হোটেল শিল্টনের (আবাসিক) চারতলার পাশ দিয়ে যাওয়া ইন্টারনেটের ক্যাবল লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
গ্লোবাল এক্সচেঞ্জের প্রকৌশলী তানভীর হোসেন বলেন, তিনি ও সুমন এ কোম্পানির ইন্টারনেট ডেভেলপার ডাটা কানেক্টিভিটির কাজ করার জন্য গত ১ জানুয়ারি পাবনায় আসেন। সকালে হোটেল শিল্টনের দ্বিতীয় তলায় ইন্টারনেট ক্যাবল লাইনের কাজ শুরু করেন।
সকাল ১১ টার দিকে সুমন হোটেলের চারতলায় ক্যাবল লাইন দেখতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.
bdnews24