চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ক্ষেত্রে ভিন্নধর্মী প্রতিবেদন তৈরির জন্য পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের পাঁচ সাংবাদিক, তার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মো. মহিউদ্দিনও রয়েছেন।
২০১১ সালে প্রকাশিত শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’র উদ্যোগে চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই) এর আওতায় এ পুরস্কার দেওয়া হয়।
শুক্রবার সকালে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে সিআরআই’র কোর্ডিনেটর ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা হোসেন জিল¬ুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- দৈনিক কালের কণ্ঠের ভূঁইয়া নজরুল, দৈনিক পূর্বকোণের খোরশেদুল আলম শামীম, দৈনিক আজাদীর রেজা মুজাম্মেল এবং দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন ঘোষ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে সাক্ষাৎকারের মধ্য দিয়ে সিআরআই গবেষণা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২০ জনের একটি গবেষক দল চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে গবেষণা চালাবেন। তাদের গবেষণা থেকে পাওয়া পরিসংখ্যান নিয়ে ১৪ এপ্রিল (১ বৈশাখ) প্রকাশ করা হবে চট্টগ্রামের ‘শিক্ষার হালখাতা’।
অনুষ্ঠানে হোসেন জিল্লুর বলেন, মানসম্মত শিক্ষা সময়ের সার্বজনীন আকাক্সক্ষা। কিন্তু আকাক্সক্ষা ও বাস্তবতার ব্যবধান খুব গভীর ও বহুমুখী।
জাতীয় পর্যায়ে মানসম্মত শিক্ষার প্রচার-প্রসার ও বিকাশ ঘটানোর লক্ষ্যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেবল সভা-সেমিনার নয় বরং ক্লাসরুম ও স্কুল বাস্তবতার ইতিবাচক পরিবর্তনে সম্মিলিত অনুসন্ধান ও সংকল্পের মাধ্যমে আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়া যায়।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাসুদা রশিদ চৌধুরী, চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24