সাভার/গাজীপুর, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- দুর্ঘটনার পর স্থানীয়দের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল এবং টঙ্গী-বাইপাইল সড়কে শুক্রবার গাড়ি চলাচল ব্যাহত হয়।
গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার পর তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। ২০টির মতো গাড়িও ভাংচুর হয়।
সকাল পৌনে ৮টার দিকে তেলিরচালা এলাকায় আজমেরি পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন এটিএস এপারেলস কারখানার শ্রমিক মো. রুবেল (২২)।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আব্দুস সালাম সাংবাদিকদের জানান, রুবেল আহত হলেও তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। তারা ২০ থেকে ২৫টি বাস ভাংচুর করে।
ভাংচুরের কারণে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় যানজট। পরে পুলিশ শ্রমিকদের হটিয়ে দিলে সকাল ১১টার দিকে মহাসড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
পুলিশ কর্মকর্তা সালাম জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কালিপুর গ্রামের রুবেল এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় এক শিশু নিহত হলে স্থানীয়রা এক ঘণ্টা টঙ্গী-বাইপাইল সড়ক অবরোধ করে রাখে।
নিশ্চিন্তপুর এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় নিহত মো. লিকন (১৩) বরিশাল কোতোয়ালি থানার চন্দ্রমোহন এলাকার মিজান সিকদারের ছেলে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পারাপারের সময় একটি বালুর ট্রাক লিকনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মা সোনিয়া গার্মেন্টসের শ্রমিক কাজল রেখার কাছে বরিশাল থেকে এসেছিল লিকন।
সহকর্মীর সন্তানের মৃত্যুর পর ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ এবং ১০/১২টি গাড়ি ভাংচুর করে।
শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হলে ৩টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24