ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি করা বিপুল পরিমাণ কাপড়সহ ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ থেকে সাত জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ও রাতে তাদের গ্রেপ্তার করার পর শুক্রবার সকালে ওই সাত জনকে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন- আবুল (৪০), হোসেন আলী (৪০), তৈয়ব আলী (৪২), জসীম (২৭), ইবনুল (২৭), সুমন (২৭) ও হোসেন (৩০)।
গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান সংবাদ সম্মেলনে জানান, চট্টগ্রাম থেকে গত ১৯ ডিসেম্বর আড়াই কোটি টাকার কাপড় নিয়ে ঢাকায় আসার পর আগারগাঁও এলাকায় একটি কভার্ড ভ্যান ছিনতাই হয়। গোয়েন্দা পুলিশের একটি দল কেরানীগঞ্জ ও নবাবগঞ্জের বাড়িখালি গ্রাম থেকে ডাকাতি হওয়া কাপড়সহ এই সাত জনকে গ্রেপ্তার করে।
তারা অন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন সহকারী কমিশনার।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬০৫ ঘ.
bdnews24