ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ভালো কাজের অবদান স্বীকার করা হয় না বলেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, “মহৎ কাজের অবদান মূল্যায়ন না করলে এই ধরনের কাজের প্রতি মানুষের উৎসাহ কমে যায়। এ কারণে আমরা দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন দেখতে পাই না।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এ অনুষ্ঠানে দর্শন চর্চায় অবদানের জন্য অধ্যাপক ড. নীরু কুমার চাকমা, এবিএম আব্দুস সালাম, হোসেনা আরা এবং মো. সিরাজুল ইসলামকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আকবর আলি বলেন, “দর্শন চর্চায় দার্শনিকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক দর্শন চর্চার ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে বলেন, “দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের সর্ম্পকে মানুষের মধ্যে দর্শন জাগ্রত করতে হবে। যত উন্নতির কথাই বলি না কেনো, মানবতাবোধ তৈরি না হলে সব উন্নতি মূল্যহীন।”
বুধবার মিশরে খেলার মাঠে সংঘর্ষে হতাহতের ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, “যে দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন হলো, সে-ই দেশেই খেলাকে কেন্দ্র করে প্রায় ৮০ জন নিহত হয়েছেন। এটা কোনো দিনই কাম্য নয়। দর্শনবোধ কার্যকর থাকলে কখনোই এ ধরনের ঘটনা ঘটতো না।”
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক লতিফা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রকীবউদ্দিন আহমেদসহ বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫১৫ ঘ.
bdnews24