ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনজিও ব্যুরোর অনুমতি ছাড়াই চারটি বেসরকারি সংস্থা বৈদেশিক সাহায্যের অর্থ উত্তোলন করেছে। এরপর ক্ষমাপ্রার্থনা করে প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় পেয়েছে সংস্থাগুলো।
সংস্থাগুলো হলো- অ্যাকশন এইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, কোরিয়ান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মিশনারিজ অব চ্যারিটি শিশু ভবন।
এ চার সংস্থা ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এক’শ ৪৩ কোটি ৫৪ লাখ ৫১ হাজার ৩২ টাকা উত্তোলন করে এনজিও ব্যুরোর অনুমতি ছাড়াই।
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।
নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এদেশে কার্যক্রম পরিচালনায় অনিয়মের অপরাধে আন্তর্জাতিক এনজিও সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করে নিজেদের অজ্ঞতার কথা স্বীকার করেছে।
একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেবে না বলে তারা অঙ্গীকারনামা দেওয়ার পর সংস্থাগুলোকে আবার এদেশে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান মতিয়া।
তিনি বলেন, ওই চারটিসহ দি স্যালভেশন আর্মি নামের আরেকটি বেসরাকারি সংস্থাকে এনজিও ব্যুরো থেকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। একই সঙ্গে বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ে সতর্কতা অবলম্বনের জন্য ব্যাংকগুলোর প্রতি পরিপত্র জারি করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অনুরোধ করে এনজিও ব্যুরো।
এনজিও কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এনজিও বিষয়ক ব্যুরো প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড়ের ক্ষেত্রে প্রকল্প প্রস্তাবের কপি ও বাজেট সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেওয়া এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার শর্ত আরোপ করা হয়েছে বলে জানান মতিয়া চৌধুরী।
এছাড়া এনজিও কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এনজিও বিষয়ক ব্যুরো নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অতীতের এ সংক্রান্ত আইনের সমন্বয় করে ইতিমধ্যে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন আইন ২০১১ এর প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৫৭ ঘ.
bdnews24