২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটোকপি প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেত্রকোনায়

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি কেন্দ্রে এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে ফটোকপি প্রশ্নপত্র সরবরাহের পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

নেত্রকোনা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি কেন্দ্রে এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে ফটোকপি প্রশ্নপত্র সরবরাহের পর। এ কারণে নির্ধারিত সময়ের ৫০ মিনিট পর পরীক্ষা শুরু হয়। পরে পরীক্ষার্থীদের ওই সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। কেন্দ্র সচিব শুধাংশু শেখর তালুকদার সাংবাদিকদের বলেন, পরীক্ষা শুরুর একঘণ্টা আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে থানায় সংরক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খুলে দেখা যায় এ কেন্দ্রের জন্য ‘খ’ সেটের প্রশ্নপত্র নির্ধারিত রয়েছে। কিন্তু ঢাকা শিক্ষাবোর্ড থেকে ওই সেটের প্রশ্নপত্র সরবরাহ করা হয়নি। সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কেন্দ্র কমিটির সভাপতি ও ইউএনও মো. মোজাম্মেল হক বলেন, বিষয়টি তাৎক্ষণিক নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়। জেলা প্রশাসক বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার জালশুকা কুমোদগঞ্জ কেন্দ্র থেকে কিছু প্রশ্নপত্র এনে ফটোকপির ব্যবস্থা করেন। জেলা প্রশাসক মো. আনিস মাহমুদ বলেন, কড়া পুলিশি পাহারায় ফটোকপি করে ৫০ মিনিট পর পরীক্ষা শুরু করা হয়। ওই ৫০ মিনিট সময় পরীক্ষার্থীদের বাড়িয়ে দেওয়া হয়। এতে পরীক্ষায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।” ওই কেন্দ্রের প্রশ্নপত্র ভুলবশত দুর্গাপুর উপজেলার গুজিরকোণা কেন্দ্রে চলে যায় বলেও জেলা প্রশাসক জানান। পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর এসএসসি পরীক্ষায় এক হাজার ১৪৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮১৪ ঘ.