২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়দফা দাবিতে সিকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

দুইদফা দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) অনির্দিষ্টকালের ধর্মঘটরত শিক্ষার্থীরা নতুন করে ছয়দফা দাবি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

সিলেট, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইদফা দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) অনির্দিষ্টকালের ধর্মঘটরত শিক্ষার্থীরা নতুন করে ছয়দফা দাবি দিয়েছে। এই দাবিতে তারা বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে। নতুন দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার, শর্ট সেমিস্টার চালু, ভেটেরিনারি সায়েন্স অনুষদের লেভেল ও সেমিস্টার-২ এর ফলাফল পুনর্মূল্যায়ণ, ক্যাম্পাসে মিছিল-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইত্যাদি। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আফরাদুল ইসলাম আফরাদ, আবদুল্লাহ আল মামুন, ঋত্বিক দেব অপু, ধ্র“বজ্যোতি, মাহফুজুল হক, শামীম মোল্লা প্রমুখ। বক্তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আইন পরিবর্তন করে তাদের শিক্ষাজীবন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। নতুন নতুন আইনগুলো শিক্ষার মান উন্নয়নে সহায়ক না হলেও শুধু শিক্ষকদের সুবিধার্থে এগুলো প্রণয়ন ও জোরপূর্বক বাস্তবায়ন করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। তারা আরো বলেন, প্রশাসনের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের কন্ঠরোধ করতে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশও নিষিদ্ধ করে। গত ১৯ জানুয়ারি প্রকাশিত ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের ফলাফলে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়। তারা ফল পুনর্মূল্যায়নের দাবিতে ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ভাংচুর চালায়। ২২ জানুয়ারি থেকে তারা দুইদফা দাবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট শুরু করে। এরপর থেকে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ২৩ জানুয়ারি হামলা ও ভাংচুরের অভিযোগে প্রক্টর ড. আনোয়ার হোসেন বাদী হয়ে ৩৬ ছাত্রের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা করেন। হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত অভিযোগে ২৪ জানুয়ারি তিন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৫ ঘ.