ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের সর্বশেষ বই ‘নির্বাসন’-এর প্রকাশনা অনুষ্ঠান করতে দেয়নি কলকাতা বইমেলার আয়োজক কর্তৃপক্ষ।
মেলা প্রাঙ্গণের একটি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে বুধবার দুপুর ৩টায় এ অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু এর আগে মিলনায়তন প্রস্তুত না থাকার কারণ দেখিয়ে মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বইটির প্রকাশনা সংস্থা পিপলস বুক সোসাইটিকে ফোনে এ অনুষ্ঠান বাতিল করতে বলে।
প্রকাশক শিবানী মুখোপাধ্যায় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “শেষ রাতে কলকাতা সাহিত্য সংঘের অনুষ্ঠান শেষ হওয়ায় আমাদের অনুষ্ঠানের জন্য মিলনায়তন প্রস্তুত করা যাবে না বলে জানায় কর্তৃপক্ষ। তবে আমরা জানতে পেরেছি বইটি তসলিমার এবং তিনি নিষিদ্ধ লেখক হওয়ায় এটা বাতিল করা হয়।”
অবশ্য পরে প্রকাশনীল স্টলে বইটি ‘প্রকাশ’ করেন সাহিত্যিক নবারুন ভট্টাচার্য। তিনি সাহিত্যিক ও মানবাধিকারকর্মী মহাশ্বেতা দেবীর ছেলে। সেখানে অন্যদের মধ্যে লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ও মানবাধিকারকর্মী সুজাত ভদ্র উপস্থিত ছিলেন।
স¤প্রতি জয়পুরে একটি সাহিত্য অনুষ্ঠানে বুকারজয়ী লেখক সালমান রুশদিকে আসতে দেওয়া হয়নি।
তসলিমার বইটি প্রকাশের পরপরই সর্বভারতীয় সংখ্যালঘু ফোরামের একদল কর্মী বইটি প্রকাশের বিরুদ্ধে বিক্ষোভ করে।
মেলার আয়োজক কর্তৃপক্ষ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বাতিল করা প্রসঙ্গে পরে তাদের অবস্থান স্পষ্ট করে। এ অনুষ্ঠান নিয়ে পুলিশের কাছ থেকে ঝামেলা হওয়ার আভাস পেয়ে মেলার দর্শকদের নিরাপত্তার জন্য তারা ওই অনুষ্ঠান বাতিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০১০৯ ঘ.
bdnews24