২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সোয়া লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকা থেকে সোয়া লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 06:55 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

কক্সবাজার, ফেব্র“য়রি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকা থেকে সোয়া লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে এসব নেশার বড়ি উদ্ধার করে কোস্টগার্ড ও বিজিবি। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের অধিনায়ক লেফট্যানেন্ট মোহাম্মদ বদরুদ্দোজা জানান, রাত সাড়ে ১১টায় নাফ নদীর কাছে গোলার চর এলাকায় মিয়ানমার থেকে আসা একটি মাছ ধরার ট্রলারকে সন্দেহবশত ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা। ধাওয়া খেয়ে পাচারকারীরা নদীতে ঝাঁপ দেয়। পরে ট্রলারের একটি ড্রাম থেকে ১ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ড অধিনায়ক। অপরদিকে কক্সবাজার ১৭-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, মধ্যরাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাসের এয়ারকুলারের বাক্সে ভরে সেগুলো নিয়ে আসা হচ্ছিলো। এ ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রীকে আটক করা হলেও তাদের নাম জানাননি বিজিবি অধিনায়ক। আটক ইয়াবার বাজার মূল্য প্রায় চার কোটি বলে বিজিবি ও কোস্টগার্ড কর্মকর্তাদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১২৪৫ ঘ.