২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-মিনিবাস চলাচল বন্ধ

ইয়াবা বহনের অভিযোগে চার পরিবহন মালিক ও শ্রমিককে আটকের জেরে টাঙ্গাইল থেকে সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

টাঙ্গাইল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়াবা বহনের অভিযোগে চার পরিবহন মালিক ও শ্রমিককে আটকের জেরে টাঙ্গাইল থেকে সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে জেলা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। টাঙ্গাইল র‌্যাব-১২ এর কমান্ডার সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শুক্রবার দুপুরে জেলা শহরের রাবনা বাইপাস থেকে র‌্যাব ৪৯০টি ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া পরিবহনের মালিক আখতারুজ্জামান খান বাবু (৪০), পরিবহন মালিক দীপক সরকার পিযুষ (৪৫), শহরের থানা পাড়ার পল্লবসাহা (৩২) ও মটর পার্সের মালিক সমিতির নেতা নুরুল ইসলামকে (৫০) আটক করে। পুলিশ কর্মকর্তা বলেন, এরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা দেয়া হবে। জেলা বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব বলেন, মিথ্যা অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ খবর পেয়ে পরিবহন মালিক ও শ্রমিকরা র‌্যাব অফিসে গিয়ে তাদের ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে র‌্যাব শ্রমিকদের লাঠিপেটা করে। এর প্রতিবাদে দুপুর ২টার পর টাঙ্গাইল থেকে সকল প্রকার বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হয়, বলেন তিনি। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বলেন, “অন্যায়ভাবে আমাদের এক চালককে ফাঁসানো হয়েছে। শ্রমিক নেতৃবৃন্দের উপর হামলা করেছে র‌্যাব।” এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে শনিবার থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুমকি দেন। তবে, শ্রমিকদের উপর হামলার ঘটনা র‌্যাব অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.