হবিগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বোনকে খুনের অভিযোগে ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে সাতাইহাল গ্রামে কুঠারের কোপে নিহত হন ফাহিমা আক্তার নাজমা (২২)। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ খুনের অভিযোগে নাজমার বড়ভাই তহুর উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাসেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজমার সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ১০/১২ দিন আগে পরিবারের লোকজন নাজমাকে উপজেলার দত্তগ্রাম অন্য যুবকের সঙ্গে বিয়ে দেয়।
এর ২/৩ দিনের মাথায় প্রেমের সম্পর্কের কথা জানাজানি হলে স্বামী তাকে তালাক দেয়। এ নিয়ে নাজমার সঙ্গে তার পরিবারের লোকজনের ঝগড়াবিবাদ চলছিল।
ওসি বলেন, “এর জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তহুর উদ্দিন কুঠার দিয়ে নাজমাকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তহুর উদ্দিন এবং নিহত নাজমা নবীগঞ্জের সাতাইহাল গ্রামের কুতুব উদ্দিনের সন্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24