ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিমানবন্দর সড়কে বনানী ওভারপাস ও রেলওয়ে লিংক ব্রিজ ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী বলে, “আমরা আশা করছি, ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী এই ওভারপাস এবং লিংক ব্রিজ উদ্বোধন করবেন।”
১৮০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প উদ্বোধনের সময়ের ‘হেরফের’ হবে না বলে নিশ্চয়তা দেন মন্ত্রী।
যোগাযোগমন্ত্রী জানান, মিরপুর-বিমানবন্দর সড়ক ফ্লাইওভার আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই জনসাধারণের জন্য খুলে দেয়া হবে।
ফ্লাইওভারের নির্মাণ কাজের জন্য আসন্ন ঈদে এ সড়কে যানজট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/১৭১০ ঘ.
bdnews24