নারায়ণগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে কাশিপুর মাদবর বাজারে কুলসুম বেগমের (২৮) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
বুধবার কুলসুম নিখোঁজ হন। এরপর থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে একটি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে বলে জানান ওসি।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরো বলেন, নয় বছর আগে ফতুল্লার তক্কারমাঠ সেহাচরের কুলসুমের সঙ্গে কাশিপুর মাদবর বাজারের রিপনের বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক কলহ প্রায়ই লেগে থাকত।
নিখোঁজের পর নিহতের বড় ভাই নান্নু মিয়া থানায় লিখিত অভিযোগ করেছিলেন।
নান্নু মিয়ার অভিযোগ, যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কুলসুমকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৬২৫ ঘ.
bdnews24