ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএমএস এর মাধ্যমে নকল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থীকে পুলিশে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র পরীক্ষা চলার সময় ওই পরীক্ষার্থী নকল করতে গিয়ে ধরা পড়ে।
আটক পরীক্ষার্থী মো. নাসিমুল হক রিয়াজের ভর্তি পরীক্ষার রোল নম্বর ২১৬৯৪৪ ও ক্রমিক নম্বর ৭৫৯৭৭৯।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক পরীক্ষার্থী মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর সংগ্রহ করার সময় তাকে কেন্দ্রের কর্তব্যরত পরিদর্শক তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।”
আমজাদ আলী বলেন, “এ ঘটনা ছাড়া সব কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের পেছনে ৩৭ জন প্রতিযোগী রয়েছে।
এক হাজার ৫৯৩টি আসনের বিপরীতে এবার ৬৫ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৭৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এক সপ্তাহের মধ্যে ফলও প্রকাশ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৬২০ ঘ.
bdnews24