চাঁদপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজম খানের নিরাপত্তা চেয়ে চাঁদপুরের মতলব থানায় সাধারণ ডায়েরি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেছে রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় আলোচিত এই গাড়িচালকের পরিবার।
বৃহস্পতিবার রাতে স্থানীয় রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আজম খানের বড় ভাই শাহ আলম খান।
তিনি বলেন, আরটিভিতে আজম খানের সাক্ষাৎকার প্রচারের পর তারা নতুন করে শঙ্কা বোধ করছেন। তাই জিডি করতে থানায় গিয়েছিলেন।
“কিন্তু বৃহস্পতিবার রাতে থানায় গেলে ডিউটি অফিসার তা (জিডি) গ্রহণ করেননি,” বলেন শাহ আলম।
গত এপ্রিলে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে থাকা বিপুল পরিমাণ টাকার হদিস আজম খানের তৎপরতায়ই প্রকাশ্য হয় বলে বলা হচ্ছে।
ওই ঘটনার পর থেকে আজম খান নিখোঁজ ছিলেন। তবে সম্প্রতি আরটিভি অজ্ঞাত স্থানে থাকা আজম খানের একটি সাক্ষাৎকার প্রচার করে, যাতে তিনি বলেন, ওই গাড়িতে থাকা ‘৭৪’ লাখ টাকা মন্ত্রী সুরঞ্জিতকে দিতে নেয়া হচ্ছিল।
সংবাদ সম্মেলনে শাহ আলম জানান, গত এপ্রিল থেকে ভাইয়ের সন্ধান পাচ্ছেন না তারা।
জিডি না নেয়ার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক মো. এরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রথমে বলেন, “আজম খানের পরিবারের পক্ষ থেকে থানায় এসে কেউ আমার সঙ্গে কথা বলেনি। এমনি ডিউটি অফিসারের সঙ্গেও না।”
পরে অবশ্য ওই পুলিশ কর্মকর্তা স্বীকার করেন, “অন্য একজন অফিসারের কাছে কেউ এসেছিল। তখন তাকে বলা হয়, আজম খান ঢাকায় নিখোঁজ হয়েছে। সেখানে জিডি করেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৪৬ ঘ.
bdnews24