রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের বৈঠকে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মতিহার থানার ওসি আনিছুর রহমান।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশের লাটিপেটায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়। এ সময় পাঁচজনকে আটক করলেও সেদিন রাতেই তাদের ছেড়ে দেয় পুলিশ।
নিছক ভুল বোঝাবুঝির কারণে ওই দুঃখজনক ঘটনা ঘটেছে- মন্তব্য করে তার জন্য ছাত্রজোটের কাছে দুঃখ প্রকাশ করেন ওসি আনিছুর রহমান।
এছাড়া পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারেও পুলিশ সতর্ক থাকবে বলে জানান ওসি।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মুহম্মদ জাকারিয়া, মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবদুল মান্নান, অতিরিক্ত উপ-কশিনার (এডিসি) মনিরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিপন আহমেদ ও সাধারণ সম্পাদক শিপলু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্র ফেডারেশনের উৎসব মোসাদ্দেক ও রকি, বিপ্লবী ছাত্রমৈত্রীর ইকবাল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের কাছে একটি স্মারকলিপি দেন প্রগতিশীল ছাত্রজোটের নেতারা।
স্মারকলিপিতে তারা অবিলম্বে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি প্রদান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২০০৪ ঘ.
bdnews24