২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় জামিন পেলেন আলাল

রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর দুই মামলায় জামিন পেয়েছেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর দুই মামলায় জামিন পেয়েছেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তার আবেদনের ওপর শুনানি করে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার জামিন মঞ্জুর করেন। আলালের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় যুবদল সভাপতির মুক্তি পেতে আর কোনো বাধা নেই। নেত্রকোনায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের জেরে গত ২ অক্টোবর বিকালে ঢাকার পল্টনে প্রতিবাদ সমাবেশ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুটি গাড়িতে আগুন দেয়া হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় ওই রাতেই বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। এর মধ্যে পল্টন থানায় দুটি এবং রমনা থানায় একটি মামলা হয়। পরদিন রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে গ্রেপ্তার করে আলালকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর পুলিশের আবেদনে আদালত গাড়ি পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় তাকে দুই দিনের রিমান্ডে পাঠায়। এছাড়া পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকম/পিবি/জেকে/১৪৪০ ঘ.