২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক টানতে চাই অবকাঠামো উন্নয়ন: পররাষ্ট্র মন্ত্রী

অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের পর্যটন শিল্পকে অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের পর্যটন শিল্পকে অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা-২০১২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পর্যটকদের জন্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে পারলে তারা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো ভ্রমণে উৎসাহিত হবেন। পাশাপাশি রেল, নৌ ও বিমান পথের সুবিধাও নিশ্চিত করা প্রয়োজন।” এ খাতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন মন্ত্রী। “এ শিল্পের বিকাশে তিনটি বিষয়কে মাথায় রাখতে হবে। এগুলো হলো- বিশ্ব অর্থনীতি, বিভিন্ন দেশের মধ্যে আন্তঃযোগাযোগ ও পরিবেশবান্ধবভাবে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি। বাংলাদেশ এ তিনটি বিষয়কেই গুরুত্ব দিচ্ছে।” এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্দ্যেগকেও এগিয়ে আসার আহবান জানান দীপু মনি। তিনি বলেন, “পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র পর্যটনের নির্ভর করে সমৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। আর বাংলাদেশের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্যের কথা আরো বেশি প্রচারের মাধ্যমে দেশের বাইরে ছড়িয়ে দিতে হবে।” ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, গ্রীস, শ্রীলংকা ও ফিলিপাইনের বিভিন্ন ট্যুর এজেন্ট, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টের স্টল রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলা উপলক্ষে ভ্রমণ প্যাকেজে বিশেষ সুবিধা দিচ্ছে। শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। প্রবেশ মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। অন্যদের মধ্যে শ্রীলংকার রাষ্ট্রদূত শরৎ কে ওয়ারাগোডা, বেসামরিক বিমান ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতার উজ জামান খান কবির ও টোয়াব সভাপতি হাসান মনসুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৫৫০ ঘ.