২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনই পাট শিল্প সংশ্লিষ্টদের কথা শুনলেন শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বৃহস্পতিবারই প্রথম তার দপ্তরে আসেন এবং যথারীতি দাপ্তরিক কাজও সারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বৃহস্পতিবারই প্রথম তার দপ্তরে আসেন এবং যথারীতি দাপ্তরিক কাজও সারেন। প্রথম দিনেই তিনি পাট শিল্প খাতের মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এ সময় পাট শিল্পের মালিক ও শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন রাজিউদ্দিন রাজু। মালিকপক্ষে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) চেয়ারম্যান নাজমুল হক এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) চেয়ারম্যান শামস উজ জোহা এবং শ্রমিকপক্ষে প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম সবুজ তাদের নিজ নিজ পক্ষের প্রতিনিধিদের নেতৃত্ব দেন। বিজেএমএ এবং বিজেএসএ’র নেতারা পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে সরকারি পাটকলে সরকারি অনুদান দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, অন্যথায় এ শিল্প হুমকির মুখে পড়বে। এ শিল্পকে বাঁচাতে তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন। শ্রমিক প্রতিনিধিদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- আন্দোলনরত শ্রমিকদের নামে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি, ব্যক্তি মালিকানার পাট, সুতা ও বস্ত্রকলের শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণা ও গেজেট প্রকাশ। শ্রমমন্ত্রী তাদের বক্তব্য ও পরামর্শ শোনেন এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। মালিক ও শ্রমিকদের সুসম্পর্কের ওপর দেশের শিল্পোন্নয়ন নির্ভর করে। তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থেই মালিক ও শ্রমিকদের মধ্যে সুসর্স্পক স্থাপন করতে হবে। সোনালী আঁশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে পাটকলগুলো অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অভিযোগ করে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল। শ্রমিকদের দাবি অবশ্যই বিবেচনা করা হবে। শ্রম সচিব মিকাইল শিপার, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, পাট শিল্প শ্রমিক সংগ্রাম কমিটির আহবায়ক শেখ তৈয়বুর রহমান ও যুগ্ম-আহ্বায়ক নাজিউর রহমান নজরুলসহ ব্যক্তি মালিকানার পাটকলের শ্রমিক নেতারা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৩৩ ঘ.